
নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ীর পাংশায় প্রকাশ্যে এক যুবদল নেতাকে পিটিয়ে পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ জুলাই) সকাল ১১ টায় উপজেলার কসবামাজাইল বাজারে এ ঘটনা ঘটেছে। আহত ওই যুবদল নেতা কসবামাজাইল ইউনিয়নের দীঘলহাট গ্রামের মৃত নজর আলী মন্ডলের ছেলে হিরন হোসেন (৩৫)। তিনি একই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বলে জানা গেছে। তিনি বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে পাংশা আসার পথে কসবামাজাইল বাজারে টিপুর চায়ের দোকানে চা খাচ্ছিলেন হিরন হোসেন। এসময় স্থানীয় সুলতান মিয়ার নেতৃত্বে ৭-৮ জন হামলাকারী রাম দা হকিস্টিক, বাঁশের লাঠি ও হাতুড়ি নিয়ে এসে অতর্কিত হামলা চালানো হয়। এসময় হামলাকারীরা এলোপাথাড়ি পিটিয়ে তাকে গুরুতর আহত করে। এতে তার ডান পা ভেঙে যায়।
হাসপাতালে চিকিৎসাধীন হিরন বলেন, কসবামাজাইল বাজারে টিপুর চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। এসময় সুলতান মিয়ার নেতৃত্বে কসবামাজাইল গ্রামের শাওয়াল, আওয়াল, সেলিম এবং ডেমনামারা গ্রামের গফুরসহ অজ্ঞাত কয়েকজন ব্যক্তি এসে আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাথাড়ি পেটাতে থাকে। এসময় তারা হকিস্টিক দিয়ে আমার ডান পা ভেঙে পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্ত সুলতান মিয়া বলেন, ঘটনার সময় আমি বহলাডাঙ্গা বাজারে ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে এসে জানতে পারি আমাদের সাথে রাজনীতি করে এবং আমার প্রতিবেশী শাওয়াল তাকে মারপিট করেছে। এ ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।
ঘটনার বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, কসবামাজাইলে একজনকে মারপিট করা হয়েছে সেটা শুনেছি। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






